শাহজালালে যাত্রীর গোপন স্থানে মিলল স্বর্ণের ডিম
উদ্ধার স্বর্ণের বার। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:২৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:২৬
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে বিভিন্ন কৌশল অবলম্বন করছে চোরাকারবারিরা। এবার এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট। কাস্টম্স কর্মকর্তারা জানান, ডিমের আকৃতির স্বর্ণের পেষ্টা উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এ স্বর্ণের ডিম।
আজ বৃহস্পতিবার বিমানবন্দরে আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন সংস্থাটির গোয়েন্দারা।
ঢাকা কাস্টম্স হাউজের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান সমকালকে জানান, একপর্যায়ে ওই ফ্লাইটে আসা আরমান উদ্দীন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়। তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে স্বর্ণের পেস্ট ছিল।
মুহাম্মদ কামরুল হাসান জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন এক হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এগুলো থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।