উদীচী ঢাকা মহানগরের নতুন কমিটি
ইকবালুল সভাপতি রুমি দে সম্পাদক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
ইকবালুল হক খানকে সভাপতি ও রুমি দে-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
শুক্রবার রাতে উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। মহানগর সংসদের নতুন কমিটিতে ৪৯ জনকে সরাসরি নির্বাচিত করা হয়। বাকি দুজনকে পরবর্তী সময় কোঅপ্টের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
নবগঠিত কমিটির নির্বাচিত অন্যরা হচ্ছেন– সহভাপতি তাহমিনা ইয়াসমিন নীলা, এসএ সরকার স্বপ্নন, একরাম হোসেন, আতিকুল হক খান, সুরাইয়া পারভীন, বিজন রায়, নজরুল ইসলাম ও আরিফ নূর; সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম শশী, মৌমিতা জান্নাত ও সজীব তানভীর এবং কোষাধ্যক্ষ শেখ ইসমাইল হোসেন।
এর আগে সকালে জাতীয় নাট্যশালা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাউলশিল্পী আবুল সরকার মহারাজ। উদ্বোধনের পর শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে বিকেলে কাউন্সিল অধিবেশন শুরু হয়। নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে তা শেষ হয়। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
- বিষয় :
- উদীচী শিল্পীগোষ্ঠী