নিরাপদ সড়ক নিশ্চিতে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২১:৩৪
জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার রাজধানীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে বিআরটিএর সদর কার্যালয়ের নির্দেশনায় নেওয়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী-সবারই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ বা আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়; এ জন্য সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধও প্রয়োজন।
সভায় বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার, বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং জাতীয় সড়ক নিরাপদ আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাগফি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার এবং ট্রাফিক সাইন ও সংকেত মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ট্রাফিক আইন বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চালক, যাত্রী ও পথচারী। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও দায়িত্ববোধ বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার প্রচেষ্টাও আরও জোরদার হবে।
- বিষয় :
- বিআরটিএ
- শিক্ষার্থী