গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:৪৪
‘মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই স্মরণসভা আয়োজন করেছে গান্ধী আশ্রম ট্রাস্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনার পবনকুমার বাদে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস।
অনুষ্ঠানে ‘দ্য অডাসিটি অব ট্রুথ’
‘মহাত্মা গান্ধী’স আইডিয়ালিজম ইন দ্য এজ অব এক্সপেডিয়েন্সি’ শীর্ষক বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ। বক্তব্যে আইন পেশায় দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এবং গান্ধী দর্শন বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় যুক্ত ব্যারিস্টার মিসবাহ বলেন, রাজনৈতিক মেরূকরণ, সশস্ত্র সংঘাত ও জনসাধারণের আস্থার ক্রমাবনতির এই সময়ে মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার আদর্শ আগের মতোই প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, গান্ধীর জীবন ও কর্ম থেকে শিক্ষা পাওয়া যায়, ক্ষমতাসীনদের বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ ও সংঘাতের সমাধান করা উচিত।
সত্যাগ্রহের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার মিসবাহ বলেন, প্রকৃত নেতৃত্বের শক্তি আসে নৈতিক কর্তৃত্ব, স্বচ্ছতা এবং মানুষের সেবার মধ্য দিয়ে। অহিংসা অন্যায়ের মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সাহসী ও বাস্তবসম্মত পথ বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়র ও নেলসন ম্যান্ডেলার ওপর গান্ধীর প্রভাবের কথাও তুলে ধরেন ব্যারিস্টার মিসবাহ।
- বিষয় :
- জন্মবার্ষিকী