শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:২৪
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-৪ সার্কেল।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহনে যাত্রীদের করণীয় এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের দায়িত্ব, নিরাপদ সড়ক নকশা ও ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন বা আইন প্রয়োগের বিষয় নয়, এটি সবার দায়িত্বশীল আচরণ ও সচেতনতার ওপর নির্ভরশীল। সড়ক দুর্ঘটনা কমাতে চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের অর্জিত সচেতনতা পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।
কর্মশালায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। এ সময় বিআরটিএর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিবহন বিশ্লেষক পার্থ সারথি দাস। ট্রাফিক সাইন ও সিগন্যাল বিষয়ে বক্তব্য দেন গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন। এ ছাড়া সড়ক নিরাপত্তার গুরুত্ব, দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
- বিষয় :
- কর্মশালা