ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুই মাসের শিশুকে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

দুই মাসের শিশুকে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০০:৩৭

রাজধানীতে পারিবারিক কলহের জেরে দুই মাস বয়সী কন্যাশিশুকে হত্যার মামলায় বাবা হৃদয় খানকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি। গত রোববার রাতে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে তাকে গ্রেপ্তার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এসআরবি-৪।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২ জুলাই হৃদয় খানের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। তারা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে গত ১১ জুন একটি কন্যাশিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় সাবিহা ইসলাম রোজা।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, গত ২২ আগস্ট রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে রোজা। পারিবারিক কলহের জেরে তাকে গলাটিপে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান হৃদয়। পরদিন সকালে রোজাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান লাভলী। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৬ দিন ভর্তি থাকার পর গত ৬ সেপ্টেম্বর মারা যায় রোজা। এ ঘটনায় লাভলী বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন।

এসআরবি আরও জানায়, ঘটনার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×