ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের পাশে প্রত্যাশী ও তরুণ নগর স্বেচ্ছাসেবকরা

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের পাশে প্রত্যাশী ও তরুণ নগর স্বেচ্ছাসেবকরা
×
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১১:৫৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১২:৩৪

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আয়োজিত বিভিন্ন আলোচনা সভা, মহড়া ও সচেতনতামূলক কর্মসূচিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অংশ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ এবং এর তরুণ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ‘ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স’ (ওয়াইভিএ)।

এদিন সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রত্যাশীর ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের প্রায় ৫৫০ জন নগর স্বেচ্ছাসেবক অংশ নেন। অনুষ্ঠানে মহড়া ও প্রদর্শনীর মাধ্যমে ভূমিকম্প, বন্যা ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা, প্রাথমিক সাড়াদান এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা তুলে ধরা হয়। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রত্যাশী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি জাতীয় স্বেচ্ছাসেবক তথ্যব্যবস্থার (এনভিআইএস) সঙ্গে যুক্ত হয়ে ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের মাধ্যমে তরুণদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে সম্পৃক্ত করছে। বর্তমানে ঢাকা ও এর আশপাশের এলাকায় এই নেটওয়ার্কের আওতায় প্রায় ২৩ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছেন। ঢাকার জাতীয় আয়োজনের পাশাপাশি ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী ও নারায়ণগঞ্জে আয়োজিত সরকারি ও স্থানীয় কর্মসূচিতেও সংস্থাটির স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেন।

প্রত্যাশীর উপপরিচালক ও দুর্যোগ বিশেষজ্ঞ ড. নাসির উদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ্য তরুণদের মধ্যে দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলা, যাতে তারা নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলা, সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্যেই আমরা ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স গড়ে তুলেছি। এর সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পাশাপাশি কৃষি ও কৃষিভূমি সংরক্ষণসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন খাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক, পরিবেশগত ও দুর্যোগসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে তরুণেরা যেন অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই প্রত্যাশী কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×