বনানী বিদ্যানিকেতনে কর্মশালা
নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২২:৩০
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্টো সার্কেল-১ এর উদ্যোগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত দুইশ' শিক্ষার্থী অংশ নেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে এবারের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষার্থীদের অংশ গ্রহণে আজ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মসিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়কে শৃঙ্খলার সঙ্গে নিরাপদে চলাচল করা শিক্ষার্থীদের দায়িত্ব।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দুর্ঘটনা এড়াতে পথচারীদের ফুটপাত ব্যবহার করতে হবে।
বক্তব্য রাখেন, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল নোমান, মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, পথচারীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয় এই কর্মশালায়।
- বিষয় :
- নিরাপদ সড়ক চাই
- কর্মশালা