সেগুনবাগিচার দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দ দাশের গ্রাফিতি
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৯:৩৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:১০
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশের দেয়ালে আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের গ্রাফিতি এঁকেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন গ্রাফিতিতে স্থান পেয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। গতকাল মঙ্গলবার ডিএসসিসি এসব গুণী ব্যক্তির ছবি আঁকা হয়।
এর আগে গত ৫ অক্টোবর শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। গত শনিবার কিছু ব্যক্তি রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি লেপন করেন। এবার নতুন গুণীদের গ্রাফিতি যুক্ত করল ডিএসসিসি।
সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, বিভিন্ন স্থানের দেয়ালে এ রকম আরও অনেক গুণী মানুষের গ্রাফিতি আঁকার চিন্তা ডিএসসিসির রয়েছে। সেগুলোও দ্রুত শুরু করা হবে।
এছাড়া সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেয়ালে স্থান পাওয়া ব্যক্তিদের সাথে সঞ্জীব চৌধুরীর সময়ের একটা বড় তফাৎ রয়েছে। তরুণদের থেকে যে সকল ব্যক্তিত্বদের কথা এসেছে, তাদের প্রতিকৃতিগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় করার পরিকল্পনা আছে।’
- বিষয় :
- গ্রাফিতি
- রোকেয়া
- জীবনানন্দ দাশ