ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
×
×

ছবি: সংগৃহীত

‎ ‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১১:৪৪

‎বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় আজ বৃহস্পতিবারও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
‎
‎শ্রমিকদের এই কর্মসূচির কারণে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীরা। যানজটে আটকে পড়ে অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
‎
‎শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়াতে হবে। তাঁদের অভিযোগ, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় বারবার সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে।
‎
‎এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।
‎
‎পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। সমকালকে তিনি বলেন, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা আজ সকালে আবার আন্দোলনে নেমেছে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×