ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উত্তরায় সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

উত্তরায় সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিল পুলিশ
×
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৪:১৫

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধির দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়ক অবরোধ করা আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে সকাল ৯টার পর থেকে সড়কে নামে পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম বলেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। তারা বিচ্ছিন্নভাবে তাদের দাবিদাওয়ার কথা বলে। তবে তাদের কোনো প্রতিনিধি ছিল না। বিচ্ছিন্নভাবে আন্দোলন করছিল এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে গাড়িতে আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে ধাওয়া করলে পুলিশ তাদের সরিয়ে দিতে পাল্টা ধাওয়া করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে সড়কের অবস্থান ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। 

‎শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়াতে হবে। তাদের অভিযোগ, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় বারবার সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে।
‎
‎এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও তারা সড়কে অবস্থান নেন।
 

আরও পড়ুন

×