ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গুলিবিদ্ধ বাবা, ছেলেকে কোপ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে গুলিবিদ্ধ বাবা, ছেলেকে কোপ
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০০:৩৭

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে বাবা মো. সুমন আলী গুলিবিদ্ধ এবং তার ছেলে মো. ফাহিম চাপাতির কোপে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার পর বছিলা সড়কের ময়ূর ভিলার সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত বাবা-ছেলেকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের ভাষ্য, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কয়েকটি গ্রুপ সক্রিয়। এর মধ্যে এলেক্স ইমন ও পাটালি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগে পাটালি গ্রুপের সদস্যদের হাতে এলেক্স ইমন নিহত হন। ইমনের মৃত্যুর পর ফরহাদ ওই গ্রুপের নেতৃত্ব দিতেন। কিছুদিন আগে ফরহাদও খুন হন।

পুলিশ জানায়, গত বুধবার পাটালি গ্রুপের এক সদস্যকে এলেক্স ইমন গ্রুপের সদস্যরা মারধর করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ফরহাদের দুলাভাই সুমন আলী ও ভাগনে ফাহিমের ওপর হামলা হয়। এতে সুমন আলীর পায়ে গুলি লাগে এবং ফাহিম ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন

×