ঢাকায় দুর্গাপূজার নিরাপত্তায় অতিরিক্ত ২০৭২ পুলিশ সদস্য মোতায়েন: ডিএমপি কমিশনার
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৩:৪৪
শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত ডিউটির বাইরে অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পুলিশি উপস্থিতি, সিসি ক্যামেরায় নজরদারি এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, মণ্ডপের গুরুত্ব ও দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনায় সেগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। নিরাপত্তায় ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো সন্দেহজনক ঘটনা বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য জানাতে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে হবে।
তিনি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।