ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নাসরীন জাহানের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা

নাসরীন জাহানের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা
×
×

রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গতকাল শুক্রবার বিকেলে নাসরীন জাহানের নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৪৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:০২

| প্রিন্ট সংস্করণ

একজন লেখকের সৃষ্টির সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের সম্পর্ক কতটা গভীর হতে পারে, অসুস্থতার মতো প্রতিকূলতা কীভাবে জীবনবোধকে নতুনভাবে ভাবতে শেখায়। কথাসাহিত্যিক নাসরীন জাহানকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উঠে এলো এমন নানা প্রসঙ্গ। তাঁর নতুন উপন্যাস ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’র প্রচ্ছদ উন্মোচনকে কেন্দ্র করে সাহিত্যিকের সৃজনজগৎ, জীবনদর্শন  এবং লেখালেখির পদ্ধতি নিয়ে কথা বলেন লেখক ও আলোচকরা। অনুষ্ঠানে নিজের উপলব্ধি তুলে ধরে নাসরীন জাহান জানান, মানুষের সঙ্গে সম্পর্ক এবং সাহিত্যচর্চার মধ্যেই তিনি খুঁজে পান বেঁচে থাকার প্রেরণা।

গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে নাসরীন জাহানের নতুন উপন্যাসের প্রচ্ছদ প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে অন্যপ্রকাশ। উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। নাসরীন জাহানের সাহিত্য নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক, গবেষক ও কথাশিল্পী ফয়জুল লতিফ চৌধুরী, গল্পকার ও ঔপন্যাসিক পারভেজ হোসেন এবং গল্পকার সেলিম মোর্শেদ। এ ছাড়া নিজের লেখালেখি নিয়ে কথা বলেন নাসরীন জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

নাসরীন জাহানের জীবনযাপনের ধরন নিয়ে আলোচনায় হাসনাত আবদুল হাই বলেন, লেখকের ব্যক্তিজীবন ও সাহিত্যকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। জীবনকে উৎসবের মতো উপভোগ করার প্রবণতা তাঁর মধ্যে বরাবরই ছিল। প্রায় দুই বছর ধরে কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন নাসরীন জাহান। চিকিৎসার প্রয়োজনে কখনও হাসপাতালে, কখনও বাড়িতে থাকতে হচ্ছে তাঁকে। দীর্ঘ ও জটিল চিকিৎসার মধ্যেও মানসিক দৃঢ়তা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে যাচ্ছেন তিনি। এখনও তাঁর হাস্যরস, প্রাণবন্ত উপস্থিতি ও হাস্যোজ্জ্বল স্বভাব অটুট রয়েছে।

পারভেজ হোসেন বলেন, লেখক নিজের অভিজ্ঞতায় যে জীবন দেখেন, যাপন করেন কিংবা কল্পনা করেন, সেটির অন্তরালে থাকা অন্য এক বাস্তবতাও তাঁর অনুসন্ধানের বিষয়। সেই জগৎকে ভাষায় প্রকাশ করতে গিয়ে লেখক নিজেই তাঁর সৃষ্টির অংশ হয়ে ওঠেন। ফলে তাঁর রচনায় চরিত্রের বাহ্যিক জীবনচিত্রের পাশাপাশি অন্তর্জগতের নানা স্তরও গুরুত্ব পায়।

আলোচনার এক পর্যায়ে নিজের জীবন ও লেখালেখি নিয়ে কথা বলেন নাসরীন জাহান। মৃত্যু নিয়ে লেখার অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধি তুলে ধরে তিনি বলেন, মৃত্যু নিয়ে লিখতে গিয়ে বুঝেছি, লেখালেখি ও মানুষের সঙ্গে যুক্ত থাকাই আমার বেঁচে থাকার পথ। 

নিজেকে ‘নারীবাদী ঔপন্যাসিক’ হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। নাসরীনের প্রশ্ন, নারীবাদ নয়, মানুষ জেগেছে। মানুষ জাগলে নারীকে আলাদা করে জাগতে হয় কেন?

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, প্রায় পাঁচ দশক ধরে সাহিত্যচর্চায় নিবেদিত নাসরীন জাহান প্রকাশনা প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠজন। তিনি অন্যদিনের সাহিত্য সম্পাদকও। দীর্ঘদিনের নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন সাহিত্যসাধনার ধারাবাহিকতায় ‘ফিনিক্স তোমাকে মায়াবাসি’ উপন্যাসটির প্রকাশনা নতুন একটি সংযোজন হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×