১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২১:১৫
মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ চালুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী শিক্ষকরা। অনলাইন তথ্য ব্যবস্থাপনা পোর্টাল বন্ধ থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
শনিবার সকালে ‘সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিক্ষক অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী তাঁরা ১৩তম গ্রেডে আবেদনের যোগ্য। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনলাইন তথ্য ব্যবস্থাপনা পোর্টাল (এমইএমআইএস) বন্ধ থাকায় আবেদন করা সম্ভব হচ্ছে না।
এর আগে গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন শিক্ষকরা। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান না আসায় তাঁরা লাগাতার অবস্থানে নেমেছেন।
কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সজিব বলেন, ‘নীতিমালায় স্পষ্টভাবে আমাদের অধিকারের কথা উল্লেখ থাকা সত্ত্বেও পোর্টাল বন্ধ রেখে আমাদের বঞ্চিত করা হচ্ছে। প্রশাসনকে সময় দেওয়া হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’
অপর সমন্বয়ক মো. সবুজ মাহমুদ বলেন, ‘আমরা কোনো করুণা চাচ্ছি না, নীতিমালা অনুযায়ী নিজেদের ন্যায্য অধিকার চাচ্ছি। ইবতেদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন, অথচ আজ অধিকারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’
শিক্ষকরা অবিলম্বে এমইএমআইএস পোর্টাল চালু করে যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে অনলাইন আবেদনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
- বিষয় :
- ইবতেদায়ী মাদ্রাসা