ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবীণ নাগরিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয়ের আহ্বান

প্রবীণ নাগরিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয়ের আহ্বান
×
×

রাজধানীর মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:১০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২২:১১

ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের সামাজিক উন্নয়নের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয়ের আহ্বান জানিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। সংগঠনটি বলেছে, প্রবীণ জনগোষ্ঠীর জন্য সত্যিকার অর্থে ভালো কাজ করতে হলে সব প্রবীণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন থেকে শুরু করে সব পর্যায়ে সুষ্ঠু সমন্বয় করতে হবে। 

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে সরকারি-বেসরকারি ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের নিয়ে রিক আয়োজিত সমন্বয় সভায় এই আহ্বান জানানো হয়। রিকের আইএসআইজিওপি প্রকল্পের জাতীয় সমন্বয়কারী গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জুর সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান অধিশাখা) এম এম মাহমুদুল্লাহ। আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির, অধ্যাপক নূরুল হুদা প্রমুখ। 

শাহ মোহাম্মদ মাহবুব বলেন, দেশে সম্পদের অপ্রতুলতায় প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি দেশের জনগণকেও এগিয়ে আসতে হবে। সর্বস্তরে সবার সমন্বয়ের ওপর জোর দেন তিনি।

শেখ কামরুল হাসান বলেন, প্রবীণবান্ধব সমাজ গঠনে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে সরকার কাজ করছে। 

অন্য বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ বা এক কোটি ৬২ লাখ মানুষ প্রবীণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ২২ শতাংশের বেশি বা পাঁচ কোটিতে পৌঁছাতে পারে। গত ২৫ বছরে বিশ্বের মধ্যে বাংলাদেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বেড়েছে। বর্তমান ৭৪ দশমিক ৯ বছর গড় আয়ুর মানুষের বয়স ৮০ বছর বা তার কাছাকাছি পৌঁছাবে।
তারা বলেন, এই দীর্ঘায়ু মানুষের একটি বড় অংশকে সহিংসতা, অবহেলা, আর্থিক শোষণ, মানসিক ও মৌখিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রবীণদের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে তাই তাদের সামাজিক সুরক্ষার উন্নয়ন জরুরি।

এ লক্ষ্যে পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরিতে মিডিয়াকে ব্যবহারের আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, পরিবারের সদস্যরা যেন প্রবীণদের সফল জীবনযাপনে সহায়তা দেন, সে লক্ষ্যে টিভিতে বিজ্ঞাপন প্রচার করা যেতে পারে।

আরও পড়ুন

×