ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার মামলায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার মামলায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন গ্রেপ্তার
×
×

আবুল কালাম আজাদ ওরফে লেলিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৪:১৭

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সমকালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের উপ–কমিশনার মোহাম্মদ রাকিব খান।

পুলিশ জানায়, রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ওরফে লেলিন শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পরে বিভিন্ন অপকর্মে যুক্ত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এদিকে লেলিনসহ এ মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

পুলিশ জানিয়েছে, রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিরা আদালতের মাধ্যমে কারাগারে রয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সেন্টারটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহআলী থানায় মামলা করেন। রাড্ডার ঘটনায় গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ আরও অনেকের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে এসেছে। তাঁদের মধ্যে লেলিনও ছিলেন। জড়িত অন্যদের গ্রেপ্তারেও কাজ চলছে।

উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান সমকালকে বলেন, রাড্ডার ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন

×