যেভাবে পরিচয় শনাক্ত হলো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার
কে এম তাহসিফ সাউরি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:৫৫
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার করা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে তাঁর পকেটে থাকা আইফোনের মাধ্যমে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
বৃহস্পতিবার সকালে সমকালকে এ তথ্য জানান নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। পরে নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশ জানায়, নিহত তাহসিফ সাউরির বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তিনি। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করেননি নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
- বিষয় :
- বিমানবাহিনী
- মরদেহ উদ্ধার
- নৌ পুলিশ