ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ড্যাব নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ড্যাব নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০০:০৮

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকীকে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার বনানী থানায় জাকী বাদী হয়ে মামলাটি করেন। এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা জাহিদ হাসান ও বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সমকালকে মামলার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

পুলিশ জানায়, সরকারি প্রতিষ্ঠানের পরিচালকের ওপর হামলার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত বুধবার আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে একদল ব্যক্তি তাকে হেনস্তা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় পরিচালকের কক্ষে একটি সভা চলছিল। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আইইডিসিআরের পরিচালক জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে জাহিদ হাসান ও বাসেদ ছাড়া অন্য কাউকে তিনি চেনেন না। দুজনই চিকিৎসক। জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক। ঘটনার পর তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন

×