ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই
×
×

মাজার বস্তি এলাকা থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১২:১২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ১৩:১৮

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের যেখান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি’র (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে তার কাছাকাছি জায়গায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেখানে তুরাগ নদের ৫০ গজের মতো দূরে মাজার বস্তি এলাকায় নম্বরবিহীন মোটরসাইকেলটি পাওয়া যায়। 

এটি ভিকটিম তাহসিফের কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন,  তাহসিফ সাউরি’র মরদেহ যেখানে পাওয়া যায় ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে উত্তরখান থানা এলাকার নদীতে, তার কাছে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।  

এদিকে তাহসিফ সাউরি’র মরদেহ উদ্ধারের ঘটনাটির তদন্ত করছে নৌ পুলিশ। 

পিবিআই জানিয়েছে, ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় তারা এর ছায়া তদন্ত করছে। নৌ পুলিশকে সহযোগিতা করছে। নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। প্রাপ্ত তথ্য সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে যায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। সেখানে নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা।

এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তিনি। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধুর মতো কাছের ছোট ভাই শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাতে তাকে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআই জানায়, গত রাতে আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে তথ্য সংগ্রহের জন্য পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে, যেহেতু দুইজন একসাথে ছিল। কোথায় কোথায় গিয়েছিল এ ধরনের তার দেওয়া কিছু তথ্য যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুন

×