মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ ছিল আড়াই ঘণ্টা
মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের একটি গেট বন্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৬:০৬ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৬:১০
রাজধানীর মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন আজ রোববার বন্ধ ছিল আড়াই ঘণ্টা। ট্রেন চলাচল করলেও বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তিন স্টেশনে ট্রেন থামেনি, যাত্রীও ওঠানামা করেনি। বেলা আড়াইটার পর এসব স্টেশনে ট্রেন থামে। যাত্রীরা ওঠানামা করেন। তবে সব গেট খুলে দেওয়া হয়নি। কিছু কিছু গেট বন্ধ রয়েছে।
মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে ২০১ ও ২০২ পিলারের মাঝে রাস্তার ওপর পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। আগুনের তাপে স্টেশনের পানির লাইনের পাইপ পুড়ে গেছে। সেখান থেকে পানি চুইয়ে ডিভাইডার থেকে রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে।
মিরপুর ১১ স্টেশনের এ এবং সি নম্বর গেট এখনো বন্ধ রয়েছে। বি ও ডি নম্বর গেট দিয়ে যাত্রী ওঠানামা করছে।

মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিরাপত্তাকর্মী খালিদ হাসান বলেন, ‘আন্দোলনের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্টেশনে ওঠানামার সব গেট বন্ধ করে দেওয়া হয়। দুপুর আড়াইটার পর ২টা গেট খুলে দেওয়া হয়। এরপর থেকে এই স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়েছে। তবে ২টা গেট এখনও বন্ধ রয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, রোববার দুপুর ১টার পর আন্দোলনকারীরা চলে গেছে। এরপর থেকে সড়কে চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- মিরপুর
- মেট্রোরেল
- পল্লবী
- ট্রেন চলাচল
- ট্রেন