মিরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দু’জনের কারাদণ্ড
নাজিরুল ও মো. জাকির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২০:১৬
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিআরটিএর মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের কার্যালয় থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে নাজিরুলকে দুই মাস এবং মো. জাকিরকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাঁদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- বিআরটিএ
- ভ্রাম্যমাণ আদালত
- কারাদণ্ড