ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি
ইকবাল সোবহান চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০০:৫৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ০০:৫৯
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় ডিবি।
এর আগে, আজ দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই সময় ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যায় ডিবি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে বলেন, ডিবিসিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে রাত সাড়ে ১২টায় ডিবিপ্রধান বলেন, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- শেখ হাসিনা