মিরপুরে ২০ ককটেল, ৪১ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার
উদ্ধার হওয়া ককটেল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:৪০
রাজধানীর মিরপুরে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) যৌথ অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় আনসার ক্যাম্প এলাকায় তানিম ভবনের সামনে ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার খবর পান মিরপুর মডেল থানার এক এসআই। পরে থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। এরপর এসআরইউকে খবর দেওয়া হয়।
রাত ১টা ৪৫ মিনিটে এসআরইউর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তার ওপর থেকে আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাজারের ব্যাগে রাখা দুটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়। পরে কল্যাণপুরের হাক্কানী গলি-সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নির্মাণাধীন ভবনের খোলা জায়গায় গর্ত খুঁড়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব ককটেল ও অন্যান্য সরঞ্জাম কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।