ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শাহজাহানপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

শাহজাহানপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৫৭

রাজধানীর শাহজাহানপুরের ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সাইমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি তিনি বিমানের পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানা গেছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সমকালকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার জেরে এমন ঘটনা ঘটেছে। দুই ভাই একসঙ্গে বসে টেলিভিশন দেখার সময় সাইমের পা লাগে সাইফের গায়ে। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইম বাসায় থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। পরে সাইফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, শান্তিবাগের ১৮৭ নম্বর ভবনের নবম তলায় আমরা থাকি। বাসায় তখন দুই ছেলে ও তাদের মা ছিলেন। আমি ছিলাম বাড়ির ছাদে। ঘরের ভেতর দুই ভাইয়ের ঝগড়া ও মারামারি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সাইম উত্তেজিত হয়ে বড় ভাই সাইফের গলায় আঘাত করে। সাইফ দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×