রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তারা হলেন– পুরোনো লোহার দোকানের কর্মী আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় মারা যান অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও জাহাঙ্গীর পোদ্দার (৫০)।
উত্তরার দুর্ঘটনায় নিহত আরিফুরের আত্মীয় মো. মনির জানান, পোস্তগোলার পুরোনো লোহা কেনাবেচার দোকানে কাজ করতেন আরিফুর। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি ও ফালু মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন সড়ক দিয়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আরিফুরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফালু ঘটনাস্থলে মারা যান। আরিফুরের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বাবার নাম আউয়াল মিয়া। আরিফুর ডেমরার কোনাপাড়ায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। একই ঘটনায় আহত হয়েছেন পিকআপটির চালক। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালককে বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পোস্তগোলা গোলচত্বরে ট্রাকের ধাক্কায় নিহত ব্যাটারিচালিত অটোরিকশার চালক জাকিরের ছেলে মাহিন হোসেন জানান, একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি খাদে পড়ে যায়। পরে পথচারীরা চালকদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন। জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। বাবার নাম জিন্নাত আলী।
নিহত চালক জাহাঙ্গীরের বাড়ি
পটুয়াখালী সদর উপজেলায়। বাবার নাম শাহ আলম পোদ্দার।
- বিষয় :
- মৃত্যু