ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আগুন লাগলে কী করতে হবে, শিখলেন কড়াইল বস্তির বাসিন্দারা

আগুন লাগলে কী করতে হবে, শিখলেন কড়াইল বস্তির বাসিন্দারা
×
×

মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভানোর মহড়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২১:৩৮

বস্তিতে হঠাৎ আগুন লেগেছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেছেন বাসিন্দারা। এর মধ্যে খবর পেয়ে চলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের পাঠানো হয় হাসপাতালে। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় দেখা যায় এমন দৃশ্য। 

তবে এটি সত্যিকারের অগ্নিকাণ্ড ছিল না। আগুন লাগলে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা শেখাতে মহড়ার আয়োজন করেছিল ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, আগুন লাগলে কীভাবে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করতে হবে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফায়ার সার্ভিস জানায়, সকালে কড়াইল বস্তির এরশাদ মাঠে অগ্নিনিরাপত্তাবিষয়ক মহড়ায় প্রথমে স্বাভাবিক পরিস্থিতি দেখানো হয়। এর পর কৃত্রিমভাবে অগ্নিকাণ্ডের ঘটনা তৈরি করা হয়। আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একইসঙ্গে আগুনে আটকে পড়া ও আহত ব্যক্তিদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার কার্যক্রম দেখানো হয়। গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াও তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, আগুন লাগলে প্রাথমিক করণীয় এবং এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা নিরাপদে নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা যাতে দ্রুত সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতা করতে পারেন, সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রচার চালানো হয়। আগুনসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এ নম্বরসংবলিত স্টিকার বিভিন্ন স্থাপনায় লাগানোর পাশাপাশি বাসিন্দাদের মধ্যেও বিতরণ করা হয়।

মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন। এ সময় ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার তানহারুল ইসলাম, ফয়সলুর রহমান, আব্দুল মান্নানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×