ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০২:০১

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদসংলগ্ন এলাকায় পরিবার নিয়ে থাকতেন সুমন। তার বাড়ি মাদারীপুরের কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামে। বাবা মৃত আবুল হোসেন মৃধা। গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমনের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি বেঁচে নেই।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ধারণা করছি, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়দের জিজ্ঞেস করেও এ ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।’  

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’ 

নিহতের বড় বোন সালমা আক্তার জানান, ‘সন্ধ্যায় এক পথচারী ফোন করে বলেন, আমার ভাইকে কেউ মেরে ফেলেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা।’ 

তিনি আরও বলেন, ‘‘কয়েক দিন ধরেই সুমন বেশ চুপচাপ থাকত। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না, তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলত—‘আমাকে মেরে ফেলবে’।’’ 

পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

×