ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে দুর্বৃত্তের হামলায় প্রবাসীসহ আহত ২

হাতিরঝিলে দুর্বৃত্তের হামলায় প্রবাসীসহ আহত ২
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:০৩

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের হামলায় কাতার প্রবাসী যুবকসহ দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রবাসী সানাউল্লাহ গনি বাবুকে গুলি করে ও মো. শরীফ নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে জখম করা হয়। সোমবার দুপুরে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলির কোনো আলামত পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে জখম করা হয়েছে। কী কারণে এমনটা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এমনটা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত বাবুর খালাতো ভাই মো. মনির জানান, স্থানীয় সন্ত্রাসী টোকাই সুজন গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব ও নুরুসহ আরও তিন থেকে চারজন দুপুর দেড়টার দিকে এ হামলা চালায়। তখন বাগিচারটেকের একটি গ্যারেজে ছিলেন বাবু ও শরিফ। সন্ত্রাসীরা বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কোপ দেয়। অন্যদিকে শরিফের ডান পায়ের হাঁটুতে কোপ দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই জাহিদুল নামে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় বাবুকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্র জানায়, দুই মাস আগে ছুটি কাটাতে কাতার থেকে দেশে আসেন বাবু। তিনি পরিবারের সঙ্গে বাগিচারটেক এলাকায় থাকেন। আহত শরিফও একই এলাকার বাসিন্দা।

শরিফের প্রতিবেশী মো. সুমন বলেন, শরিফকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন।

পুলিশ সূত্র বলছে, হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী চক্রের সদস্য। আহতদের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, হামলার বিষয়টি তদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত বাবুর শরীরে গুলি লাগার চিহ্ন রয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। 

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সন্ত্রাসীদের হামলায় দুজন আহত হয়েছেন। তবে তাদের কারও গুলি লাগেনি।

আরও পড়ুন

×