ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২০ জন আটক

গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২০ জন আটক
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৫৩

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে গুলশান সোসাইটির ৪১ নম্বর সড়কের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বিষয়ে থানায় যাচাই–বাছাই চলছে। রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আব্দুস সেলিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশানের ওই ভবনটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একদল লোক সেখানে গিয়ে অভিযান চালায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈঠকে অংশ নেওয়া অন্তত ২০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আব্দুস সেলিম বলেন, ভবনটি থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই–বাছাই চলছে। যাচাই–বাছাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×