ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে খুন, আহত আরও ২ জন
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ১২:২২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ | ১২:৩৭
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। নিহতের নাম নাইমুর রহমান (২৬)। তিনি জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন।
আহত দুজন হলেন- হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী মো. হাসান। তারা শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া সাংবাদিকদের জানান, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি রাত ২টার দিকে হোটেলে প্রবেশ করেন। তারা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র বলছে, ওসমানী হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে হামলাকারীদের সঙ্গে নিহত নাইমুরের অন্য কোনো বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- রাজধানী