এক ঘণ্টায় তিন ভোট
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরের দৃশ্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০০:১৪
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ৩৯ নং ওয়ার্ডের যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে এক ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে। ওই কেন্দ্রের সাতটি বুথে শনিবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এ চিত্র ছিল।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতাহের হোসেন বলেন, '৩৯ ওয়ার্ডের এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮২৭ জন। সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।'
এদিকে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর কয়েকশ সমর্থককে নীল রংয়ের গেঞ্জি পরে ভোট কেন্দ্রে বাইরে অবস্থান করতে দেখা গেছে। জটলা সরাতে এক পর্যায়ে পুলিশ ও বিজিবি ধাওয়া দেয় তাদের। এ সময়ে বিজিবি কর্মকর্তারা হাতে মাইক নিয়ে ঘোষণা দেন, ৫ মিনিটের মধ্যে কেন্দ্র থেকে ২০০ গজ সীমানা না ছাড়লে ব্যবস্থা নিতে বাধ্য হবেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এ আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
- বিষয় :
- ঢাকা-৫
- উপ-নির্বাচন
