সব ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায় স্বপ্নের দেশ গড়বো: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ১০:২৫
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সব ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায় স্বপ্নের দেশ গড়বো।
রোববার রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা কমিটি আয়োজিত কলাবাগান পূজামন্ডপ দর্শন শেষে তিনি একথা বলেন।
এসময় বিপুলসংখ্যক পূজারী ও দর্শনার্থীকে শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত আমাদের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর ধর্ম। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শেকল ভেঙে প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই এ দেশ সবার। সবাই মিলেই এদেশকে স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবো না। সেই ঠিকানা অতিক্রম করে যাবো।
মন্ত্রী আরও বলেন, ২০০৮ সালে দেশে পূজামণ্ডপ ছিল প্রায় ১১ হাজার। এখন তা ৩১ হাজারেরও বেশি। এই তিনগুণ বৃদ্ধির কারণ, নিজধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক সামর্থ্যবৃদ্ধি ও নিরাপত্তাবোধের স্বস্তি। সারাবছর শান্তি বিরাজ করুক এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানান মন্ত্রী।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- ড. হাছান মাহমুদ
- সার্বজনীন পূজা
