ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি
×

আবরার ফাহাদ– ফেসবুক থেকে নেওয়া ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ০৯:৪৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জয় বলেন, আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগের কারও বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ এবং সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার।

তদন্ত কমিটির বিষয়টি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবরার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রলীগ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলের হলের নিচতলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সূত্রে জানা যায়, রাতে শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। এ ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।


আরও পড়ুন

×