ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

ঢাকা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১ | ১৩:৪১ | আপডেট: ২১ জুন ২০২১ | ১৩:৪৪

করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ঢাকা থেকে লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌযান চলাচল বন্ধ থাকবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার রাত ১১টা ২০ মিনিটে মন্ত্রণালয় থেকে সংশোধিত এ জরুরি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার চারপাশের জেলাগুলোসহ যে সাতটি জেলায় লকডাউন দেওয়া হয়েছে, সেগুলোতে নৌযান চলাচলসহ ঢাকা থেকে সারাদেশের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এর আগে সোমবার (২১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে ঢাকার পাশের সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে ঢাকাসংলগ্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের পাশাপাশি রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন চলাচলও।

আরও পড়ুন

×