ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সুস্থ থাকার জন্য এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে: মেয়র আতিকুল ইসলাম

সুস্থ থাকার জন্য এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে: মেয়র আতিকুল ইসলাম
×

আতিকুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১ | ১১:১৫

সুস্থ থাকার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, সুস্থতার জন্য সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই। আর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-সংক্রান্ত সামাজিক আন্দোলনে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প, দক্ষিণখান এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশকনিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনেই এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহূত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আতিকুল ইসলাম নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসির প্রধান স্ব্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×