সংসদ ভবন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১৩:১৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১৩:১৫
রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম মো. আব্বাস (৩৫)। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশার তিন যাত্রী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে আব্বাসকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান, পথেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এম এ হাসান সাংবাদিকদের বলেন, সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে রিকশাটি যাচ্ছিল। ন্যাম ভবনের সামনে একটি প্রাইভেটকার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন আব্বাস ও তার রিকশার তিন আরোহী। তাদের মধ্যে আব্বাসের অবস্থা ছিল গুরুতর। তাকে উদ্ধার করে আমি হাসপাতালে নিয়ে আসি। তিনি তার ঠিকানা বিস্তারিত জানানোর সুযোগ পাননি। তবে বলেছিলেন তার বাড়ি ভোলায়। ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালক পালিয়ে যায়। আহত অপর তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
