সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ১২:১৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ১২:৩২
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় জনপদ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় এলপিজি সিলিন্ডারের দোকানে এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন- আবুল কালাম, শামসুদ্দিন রবিন, মো. রিপন, শফিকুল ইসলাম, বিশ্বনাথ দত্ত ও কবির হোসেন। দগ্ধ সবাই ওই মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মার্কেটের একটি দোকানে এলপিজির সিলিন্ডার মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই দোকানের কর্মচারীরা ছাড়াও আশপাশের দোকানের কর্মীরা দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিনের ৬০, শফিকুলের ৭৮, বিশ্বনাথের ৩৪, কবিরের ৮৫ ও রিপনের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। রিপন ছাড়া অন্য পাঁচজনের অবস্থা গুরুতর।
দগ্ধ শামসুদ্দিন জানান, ওই মার্কেটের ওয়েল্ডিং দোকানে তিনি কাজ করছিলেন। হঠাৎ পাশের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে দেয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, ওই মার্কেটের প্রায় সব দোকানেই পুরোনো যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় করা হয়। পুরোনো সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের একটি দোকানে সিলিন্ডার ছিদ্র হয়ে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তবে আগুন ছড়াতে পারেনি। মূলত সিলিন্ডারের আশপাশে থাকা লোকজনই দগ্ধ হয়েছেন।
