ডেঙ্গুতে আরও ২৩৮ জন আক্রান্ত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৯:৫৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:১১
ডেঙ্গু আক্রান্তের তালিকায় আরও ২৩৮ জন যুক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় আগের দিনের তুলনায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সরকারিভাবে বলা হয়েছে, এ পর্যন্ত ডেঙ্গুজনিত কারণে ৯৩ জনের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে আরও ২৩৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৫ অক্টোবর রোগীর সংখ্যা প্রথমবারের মতো তিনশ'র নিচে নামে। এরপর দু'দিন আবার আক্রান্তের সংখ্যা তিনশ'র ওপরে চলে যায়। পরের দু'দিন আবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমে তিনশ'র নিচে নামে। বৃহস্পতিবার আবারও তা বেড়ে ৩১৬ জনে দাঁড়ায়।
শুক্রবার আবারও তা কিছুটা কমে আড়াইশ'র নিচে নামে। গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ১৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৯১ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৮৯৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ২১৮ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪০০ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৮১৮ জন চিকিৎসাধীন।
