ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গণমাধ্যমকর্মী আইনসহ ৮ দফা বাস্তবায়ন দাবি বিএফইউজের

গণমাধ্যমকর্মী আইনসহ ৮ দফা বাস্তবায়ন দাবি বিএফইউজের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ০৯:২৯ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ০৯:৩৯

অবিলম্বে গণমাধ্যমকর্মী আইন পাস এবং নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়ন করতে সরকার ও মালিকপক্ষের প্রতি দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। অন্যথায় ১৫ জানুয়ারি বিএফইউজের নির্বাহী পরিষদের সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এসব দাবিসহ আট দফা বাস্তবায়ন চেয়ে শনিবার বিএফইউজের উদ্যোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এ মানববন্ধনে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেন। 

তারা বলেন, ইতোমধ্যে আট দফা কর্মসূচি গণমাধ্যমকর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে আট দফা বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য শাকিলা পারভীন, ডিইউজের সাবেক সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমে অরাজকতা চলছে, কিন্তু নানা কারণে আমরা দাবি আদায় করতে পারছি না। বিএফইউজেসহ বিভিন্ন সংগঠন রাজপথে থাকলে সাংবাদিকদের অধিকার ও দাবি আদায় করা যাবে।

আরও পড়ুন

×