গাড়িকে ঘষা দেওয়ার ঘটনায় হাইকোর্টে ঘোড়া ও মালিক
গুলিস্তান মোড়ে এক বিচারপতির গাড়িকে ঘষা দেয় ঘোড়ার ওই গাড়িটি।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২ | ১০:৪৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২ | ১১:১২
রাজধানীর গুলিস্তানে এক গাড়িকে ঘষা দিয়েছিল একটি ঘোড়ার গাড়ি। এর জেরে ঘোড়া ও তার মালিককে ধরে হাইকোর্টে চত্বরে নেওয়া হয়। এরপর ঘোড়া ও মালিককে নেওয়া হয় বিচারপতির খাস কামরাতেও। পরে অবশ্য কোনোরকম শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হয় তাদের।
গুলিস্তান মোড়ে এক বিচারপতির গাড়িকে ঘষা দেয় ঘোড়ার ওই গাড়িটি। যদিও সেই গাড়িতে ছিলেন না হাইকোর্ট বিভাগের ওই বিচারপতি। কিন্তু ঘোড়ার গাড়িটির রক্ষা হয়নি। ঘোড়াসহ গাড়ি ধরে নিয়ে যাওয়া হয় হাইকোর্ট চত্বরে।
ওই ঘোড়ার গাড়ির চালক জানান, তিনি ইচ্ছাকৃত ঘটনাটি ঘটাননি। এ বিষয়ে খাস কামরায় চালকের বক্তব্য শোনেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। পরে ক্ষমা করে দিলে ঘোড়ার গাড়িটি নিয়ে চলে যান চালক।
সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারপতি। ভয় পেয়ে ড্রাইভার ও বডিগার্ড তাদের নিয়ে হাইকোর্টে আসেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি ইউটার্নে দ্রুতগতির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। দুর্ঘটনার পর অস্ত্রোপচার করে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। এখন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিজিবির সাবেক এই হাবিলদার। ঘটনার পর মামলা করার জন্য কয়েক দফা চেষ্টা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত এই নারী কর্মকর্তা। কিন্তু মামলা নেয়নি পুলিশ।
উল্টো মনোরঞ্জন হাজংয়ের বিরুদ্ধে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাকে ধাক্কা দেওয়া গাড়ির চালক। দুর্ঘটনার জন্য মনোরঞ্জন হাজংকেই দায়ী করেছেন সাঈদ হাসান নামের ওই ব্যক্তি। এ দুর্ঘটনায় পা হারানো মনোরঞ্জন হাজংকে আসামি করে মামলা দেওয়া উচিত বলেও জিডিতে লিখেছেন তিনি।
- বিষয় :
- বিচারপতির গাড়ি
- ঘোড়ার গাড়ি
- হাইকোর্ট
- বিচারপতি
