আবরারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সুজনের
মানববন্ধনে বক্তারা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ১০:১১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা জেলা ও মহানগরের নেতারা এ দাবি জানান।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার, ঢাকা মহানগর সম্পাদক জুবায়েরুল হক ভূঁইয়া নাহিদ, সহসভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুসবাহ আলিম, বংশাল থানা শাখার নেতা জাভেদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে নেতারা বলেন, আজ এ দেশের ১৭ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দেশের একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে কিছু হিংস্র মেধাবী শিক্ষার্থীই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করেছে। আবরারকে হত্যার পর অপরাধীরা রাতের খাবার খেয়েছে, নিশ্চিন্তে খেলা দেখেছে। এর বিরুদ্ধে আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যে টর্চার সেল আছে সেগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং বন্ধে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বুয়েটের উপাচার্যকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আজকের পর থেকে শিক্ষাঙ্গনে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না।
সভাপতির বক্তব্যে ড. বদিউল আলম আবরার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন। তিনি বলেন, আবরার খুন হয়েছে তথাকথিত ছাত্র রাজনীতির বলি হিসেবে। এ হত্যার অন্যতম কারণ হলো ভিন্ন মতকে গ্রহণ না করার মানসিকতা। এর কারণে যে সহিংসতা ঘটে, তার জন্য ভয়ের সংস্কৃতি সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ করতে মানুষ ভয় পায়, প্রতিরোধ করতে সাহস পায় না। এ ছাড়া এই হত্যাকাণ্ডের আরেকটা কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। আজ আবরার হত্যাকাণ্ড আমাদের জন্য একটি জেগে ওঠার ঘণ্টা।
মানববন্ধন থেকে আবরার হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে করা, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অপরাধীদের ছাত্রত্ব বাতিল করা, লেজুড়বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সিট বণ্টন করা, রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ বন্ধ করা, শিক্ষক নিয়োগে মেধার মূল্যায়ন করা, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ কয়েক দফা আহ্বান জানানো হয়।
- বিষয় :
- সুশাসনের জন্য নাগরিক
- সুজন
