বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১০:০৩
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. আবদুল্লাহ (২৫)। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কুচতরী গ্রামের দানেজ আলীর ছেলে। বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশকোনা লেভেল ক্রসিং এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে হকারদের বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকান। সোমবার এসব দোকান ও হকারদের ভিড়ের মধ্য দিয়ে বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে উঠার চেষ্টা করেন আবদুল্লাহ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেন পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রেনের নিচে পড়ে এক হাত ও এক পা কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্টেশনের নিরাপত্তাকর্মীরা জানান, স্টেশনের প্লাটফর্মে প্রায় শতাধিক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাদের চোখের সামনে এমন ঘটনা সবার চোখেই পানি এনে দিয়েছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি পুলিশের এএসআই সানুমং মার্মা সমকালকে বলেন, সোমবার দুপুরে কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন মো. আবদুল্লাহ নামের এক মেডিকেল শিক্ষার্থী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
সানুমং মার্মা আরও বলেন, এক শ্রেণির নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান গড়ে উঠেছে বিমানবন্দর স্টেশনের আশকোনা লেভেল ক্রসিং এলাকায়। এ কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারী ও বিভিন্ন যাত্রী।
