অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের দু’জন গ্রেপ্তার
অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:২৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৫:৩০
অনলাইন জুয়ার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার মো. জসিম উদ্দীন (৩৩) এবং শেখহাটী এলাকার সুমন রায় (২৮)।
সোমবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) চলমান তদন্তের অংশ হিসেবে নড়াইল শহরের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তুলারামপুর এলাকা থেকে সুমন রায়কে গ্রেপ্তার করা হয়। সুমন একটি বিদেশি অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
সিআইডি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। এসব সাইটে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে জুয়ার আয়োজন করা হতো। এ ঘটনায় গত ১৭ মে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করে সিআইডি।
তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব ব্যবহার করে জুয়ার অর্থের লেনদেন পরিচালনা করত। এজেন্টরা কমিশন রেখে বাকি অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাঠাত বলে অভিযোগ সিআইডির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু'জন নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার এবং অন্যদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের সদস্যদের কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। এসব সিম অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো। তদন্তে তাদের অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
সিআইডি জানায়, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- জুয়া
- ক্রিপ্টোকারেন্সি
- গ্রেপ্তার