আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৩:৪৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৩:৫৪
অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, চাঁদা দাবি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তি মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করছে ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেটেড। এ কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা গেট মাই টিকিট নামের অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করে গত ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করেন।
এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামে একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট দেওয়া হচ্ছে।
অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্টগুলো অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখার পাশাপাশি আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকিও দেন। এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে গত ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা করেন।
মামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে ১৬ জুলাই বিকেলে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।
সিআইডির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতিয়ার আবিদ খান স্বীকার করেছেন, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং নিজের নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
- বিষয় :
- কনসার্ট
- টিকিট
- প্রতারণা
- সিআইডি
- আতিফ আসলাম