যাত্রাবাড়ীতে যুবক খুন
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৩
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার সনটেক এলাকা থেকে মো. রাব্বী (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
যাত্রাবাড়ীর সনটেক এলাকার সড়ক থেকে শুক্রবার সকালে রাব্বী নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু সমকালকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
পুলিশ সূত্র জানায়, শনির আখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী। তিনি যাত্রাবাড়ীতে তার বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন। ভোরে সড়কে তার লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত রাব্বী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ভাগ্নি সুবর্ণা সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে বিষয়টি জানায়। এরপর তারা গিয়ে রাব্বীর লাশ দেখতে পান।
- বিষয় :
- খুন
- হত্যা
- যাত্রাবাড়ী