ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মহাখালীতে যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

মহাখালীতে যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৫:৫০

রাজধানীর মহাখালীতে তানহা রহমান নামে যুবদলের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এস এ পরিবহন ও এ বি এম পাম্পের মাঝে একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত তানহা রহমান মহাখালী ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি মহাখালীর রসুলবাগ এলাকার ক-১৭/১ নম্বর বাসার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও তানহার স্বজনের সূত্রে জানা যায়, মোবাইল ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তানহাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

খবর পেয়ে তানহার ছোট ভাই মাহাইমুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মাহাইমুর রহমান জানান, বর্তমানে তানহা রহমান ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
 

আরও পড়ুন

×