ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ মিনারে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা
×

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে আতাউর রহমানকে।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৮:৫৩

নাট্যজন আতাউর রহমানের মৃত্যুর পর হাসপাতালের সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বিকেল ৩টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে বিকেল তিনটার আগ থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দেশের নাটক, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনরা।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকবৃন্দসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ। শ্রদ্ধা নিবেদন করেন অভিনেত্রী লাইসা আহমেদ লিসা, নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম, অভিনেতা তারিক আনাম খান, অভিনেতা জিতু আহসান, সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, সাংস্কৃতিক সংগঠক মফিদুল হক, আসিফ মনির, শংকর সাঁওজাল, সারা জাকেরসহ অনেকে।

শুধু ব্যক্তিপর্যায়েই নয়- বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত এই নাট্যজনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করে কণ্ঠশীলন, ছায়ানট, আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ এবং ঢাকা থিয়েটার।

শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্যে সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা তাদের প্রিয় এই নাট্যব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানান। দেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমানের অবদান স্মরণ করে অনেকেই তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।                        

আরও পড়ুন

×