ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বিক্রি হলো টেইলর সুইফট-কেলসির বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

বিক্রি হলো টেইলর সুইফট-কেলসির বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও
×

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৫:২৯

বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসিকে ঘিরে ভক্তদের উন্মাদনার নতুন এক দৃষ্টান্ত তৈরি হয়েছে। তাদের বিয়ের ভেন্যু ও এর বাইরে থেকে সংগ্রহ করা সাধারণ আবর্জনাও বিক্রি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্সের শিল্পী জাস্টিন গিগনাক সম্প্রতি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন। জানা যায়, সেখানেই টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের আয়োজন হয়েছিল।

পরে তিনি এসব সংগ্রহ করা বস্তু স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের মধ্যে সংরক্ষণ করে ‘পকেট গার্বেজ’ নামে বিক্রির জন্য উন্মুক্ত করেন। প্রতিটি ছোট কিউবের দাম রাখা হয় ২৫ মার্কিন ডলার। বিক্রি শুরুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সবগুলো বিক্রি হয়ে যায়। এছাড়া ১০০ ডলার মূল্যের বড় আকারের কয়েকটি কিউবও বাজারে ছাড়েন তিনি।

গিগনাক তার ওয়েবসাইটে লিখেছেন, বড় কোনো অনুষ্ঠান শেষে চারপাশে আবর্জনা পড়ে থাকাই স্বাভাবিক। তবে এই সংগ্রহের বিশেষত্ব হলো, এগুলো টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ের ভেন্যুর একেবারে কাছাকাছি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

তার ভাষায়, “আমন্ত্রণপত্র ছাড়া ওই অনুষ্ঠানের যতটা কাছে যাওয়া সম্ভব ছিল, এই সংগ্রহ ঠিক সেই স্মৃতিরই প্রতীক।”

অ্যাক্রিলিক কিউবগুলোর ভেতরে রাখা হয়েছে সিগারেটের ফিল্টার, চুইংগামের মোড়ক, জুসের স্ট্র, একটি এয়ারপড এবং ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিটসহ নানা ধরনের ফেলে দেওয়া জিনিস।

তবে গিগনাক স্পষ্ট করে জানিয়েছেন, এসব বস্তু টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের কোনো অতিথি ব্যবহার করেছেন—এমন কোনো প্রমাণ নেই। সবকিছুই বিয়ের দিন ভেন্যুর বাইরের নিরাপত্তা বেষ্টনীর আশপাশ থেকে সংগ্রহ করা হয়েছে।

রসিকতা করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বিয়ের অনুষ্ঠানে আমার আমন্ত্রণ ছিল না। তাই ভেতরের ‘আসল’ আবর্জনা সংগ্রহের সুযোগও পাইনি।”

বিশ্বজুড়ে টেইলর সুইফটের ভক্তরা ‘সুইফটিজ’ নামে পরিচিত। প্রিয় তারকার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারক সংগ্রহে তাদের আগ্রহ নতুন নয়। এবার বিয়ের ভেন্যুর বাইরের আবর্জনাকেও স্মারক হিসেবে কিনে সেই উন্মাদনারই নতুন নজির গড়েছেন তারা।

উল্লেখ্য, জাস্টিন গিগনাকের জন্য এমন উদ্যোগ নতুন নয়। প্রায় ২৫ বছর ধরে তিনি বিভিন্ন ঐতিহাসিক ও আলোচিত ঘটনার স্থান থেকে সংগ্রহ করা আবর্জনাকে শিল্পকর্মে রূপ দিয়ে বিক্রি করে আসছেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০০৯ সালের অভিষেক অনুষ্ঠান এবং ২০১২ সালে নিউইয়র্ক জায়ান্টসের সুপার বোল জয় উদযাপনের পর সংগৃহীত বর্জ্যও একইভাবে সংরক্ষণ করে সংগ্রাহকদের কাছে বিক্রি করেছিলেন। এবার টেইলর সুইফটকে ঘিরে তার সেই অভিনব উদ্যোগ আবারও আলোচনায় এসেছে।

আরও পড়ুন

×