ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লেনদেনের ৭২ শতাংশ শীর্ষ ২০ কোম্পানির

লেনদেনের ৭২ শতাংশ শীর্ষ ২০ কোম্পানির
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:৫০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ৩৩৮ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। কেনাবেচা হওয়া এসব শেয়ার ও ফান্ড ইউনিটের বাজার মূল্য ছিল ৫৮০ কোটি ৮২ লাখ টাকা। তবে লেনদেনের পরিমাণ বিবেচনায় প্রথম দিকের ২০ কোম্পানির ৪১৯ কোটি টাকা কেনাবেচা হয়েছে, যা মোটের ৭২ শতাংশের বেশি।

লেনদেনের শীর্ষে থাকা ২০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, শাইনপুকুর সিরামিক, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশনস, জেমিনি সি ফুডস, বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কস, ইসলামী ব্যাংক, লাফার্জ-হোলসিম সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, ইনফরমেশন টেকনোলজিস কনসালট্যান্টস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিডি মনোস্পুল পেপার, ইউনিক হোটেল এবং বেক্সিমকো লিমিটেড। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের সর্বাধিক ৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

একক খাত হিসেবে এ বাজারের লেনদেনে শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি খাত। এ খাতে মোট ১০টি কোম্পানি তালিকাভুক্ত। এর মধ্যে ১০ কোম্পানির ৮৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের পৌনে ১৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৮২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ওষুধ ও রসায়ন খাতের ৩০ কোম্পানির। শাইনপুকুর সিরামিকসের প্রায় ৪২ কোটি টাকার লেনদেনে ভর করে এ খাতের লেনদেন ছাড়িয়েছে ৪৫ কোটি টাকা। আর সি পার্ল হোটেলের ৫১ কোটি টাকার লেনদেনে ভর করে ভ্রমণ ও অবকাশ খাতে ৫৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

এসব শেয়ারের বাইরে খুব কমসংখ্যক কোম্পানির শেয়ারের লেনদেন হচ্ছে। সাড়ে চার ঘণ্টার লেনদেনের অধিকাংশ সময় দুই শতাধিক শেয়ার ক্রেতাশূন্য অবস্থায় ছিল। আবার এমনও শেয়ার রয়েছে, যেগুলোর একটি শেয়ারও কেনাবেচা হচ্ছে না। গতকাল ৫৪ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কোনো কেনাবেচাই হয়নি।

সার্বিক হিসাবে গতকাল ঢাকার শেয়ারবাজারে মাত্র ২১ শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ১৬৫টির দর। সর্বাধিক প্রায় ৭ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল সোনালি আঁশ। এর পরের অবস্থানে থাকা সি পার্ল হোটেল এবং বিডি মনোস্পুল পেপারের প্রায় ৪ শতাংশ দর বেড়েছে।

আরও পড়ুন

×